কর্নাটকে পিছু হটলো বিজেপি, ক্ষমতা নিচ্ছে কংগ্রেস-জেডি (এস) জোট

ভারতের কর্নাটক রাজ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সদ্য শপথগ্রহণকারী বিজেপি নেতা ইয়েদুরাপ্পা। জানা গেছে, দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে আস্থা ভোটে অংশ নেননি তিনি। তাই সরকার গঠনে এবার কংগ্রেস-জেডি (এস) জোটকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। আগামী সোমবার শপথগ্রহণ করবেন জেডি (এস) নেতা কুমারস্বামী।
 
সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার বিকেলেই আস্থা ভোট হওয়ার কথা ছিল। সকাল থেকেই এই আস্থা ভোট নিয়ে চলছিল টানটান উত্তেজনা। বিধানসভার অধিবেশন শুরুর আগে বিজেপি দাবি করছিল ১১২ জন বিধায়কের সমর্থন তারা নিশ্চিত করতে পেরেছে। 
তবে বিধানসভায় ভাষণ দিতে উঠে ইয়েদুরাপ্পা বলেন, কর্নাটকের মানুষের রায় আমাদের দিকে ছিল। কংগ্রেস-জেডি (এস) জোট হেরেছে এই নির্বাচনে। 
 
কিন্তু তার আগেই বিজেপি বুঝে গিয়েছিল আস্থা ভোটে জেতার সংখ্যা কোনোভাবেই ‘কিনে ফেলা’ যায়নি। ফলে আস্থাভোটে হার নিশ্চিত বুঝেই পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা। এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর জানান, গণতন্ত্রেকে সম্মান জানিয়েছেন তিনি। 
 
এর আগে, একটা অডিও টেপ ‘ফাঁস’ করে হইচই ফেলে দেয় কংগ্রেস। কংগ্রেস দাবি করে, তাদের বিধায়ক বিসি পাতিলকে টেলিফোনে মন্ত্রিত্বের টোপ দিয়ে কিনতে চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। যদিও বিজেপি সেই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দেয়। এছাড়া কংগ্রেস অভিযোগ তোলে, তাদের কয়েকজন বিধায়ককে অপহরণ করেছিল বিজেপি। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু