ফড়িং এক পতঙ্গ—সরু লম্বা শরীর, মাথা, বুক এবং উদরে বিভক্ত। মাথাটি গোল, এদিক ওদিক ঘোরাতে পারে। খুব সূক্ষ শুঁড় আছে। ফড়িংয়ের উদর অংশ নরম, লম্বা ও নলের মতো। এই নলাকার অংশের শেষ প্রান্তে আড়াআড়িভাবে একটি ছিদ্র থাকে। এর সাহায্যে বর্জনীয় বস্তু দেহ থেকে নির্গত করে। বুকের কাছে দু’জোড়া পাতলা, খসখসে, অর্ধস্বচ্ছ ডানা আছে। দেহের সঙ্গে আড়াআড়িভাবে ওপরের দিকে আবদ্ধ। ডানা সব সময় প্রসারিত অবস্থায় থাকে। কখনো ভাঁজ করতে পারে না। খুব জোরে ডানা নাড়াতে পারে, সেজন্য ওড়ার সময় ডানা থেকে শব্দ হয়।
ফড়িংয়ের ডানা বেশ লম্বা। দেহের সঙ্গে ডানাগুলোর খুব ছোট সংযোগ আছে। ডানার বাইরের দেহের প্রান্ত সোজা এবং ভেতরের প্রান্ত গোলাকার। গঠন কাঠামো দৃঢ় ও কার্যকর করার জন্য পাতলা ডানায় প্রচুর জালকের মতো সূক্ষ শিরার বিন্যাস রয়েছে। এর ফলে বাতাসের চাপে ডানাগুলো ছিঁড়ে যায় না, উড়ন্ত অবস্থায় দেহের ওজনের যথাযথ ভারসাম্য বজায় থাকে। উড়ন্ত অবস্থায় খুব দ্রুত নির্দিষ্টভাবে ডানাগুলো সঞ্চালিত হয়। এর ফলে দেহের ওপরের অংশে নিম্নচাপের অঞ্চল ও নিচে একটি উচ্চচাপের অঞ্চল তৈরি হয়ে থাকে। ডানার সামনে ও পেছনের প্রান্ত বাতাসের মধ্যে বিশেষভাবে বেঁকে সঞ্চালিত হওয়ার জন্য ফড়িং যে কোনো স্থানে স্থির থাকতে পারে। ফড়িংয়ের ডানাগুলো পায়ের সঞ্চালন দিয়ে পরোক্ষভাবে নড়াচড়া করে। এছাড়া বুকের পেশির সঞ্চালন দ্রুত ডানা নাড়াতে সাহায্য করে। পায়ের বিশেষ সঞ্চালনের জন্য ফড়িং স্থির অবস্থা থেকে হঠাত্ উড়তে পারে। ফড়িং উড়তে পারে প্রতি সেকেন্ডে ১০ মিটার গতিতে। ওড়ার সময় হঠাত্ বাতাসে স্থির হয়ে দ্রুত সঞ্চালিত ডানার সাহায্যে ভেসে থাকতে পারে। আবার দিক পরিবর্তন করে বিপরীত দিকেও উড়ে যেতে পারে দ্রুত।
এই ফড়িং দেখেই নাকি বিজ্ঞানীরা হেলিকপ্টার তৈরি করেছিলেন। প্রকৃতির মধ্যে ফড়িংই একমাত্র পতঙ্গ যার সঙ্গে মিল আছে হেলিকপ্টারের। হেলিকপ্টার আবিষ্কারের ইতিহাস থেকে জানা গেছে, এই অদ্ভুত আকাশযান সম্পর্কে চিন্তাভাবনা ও পরিকল্পনা শুরু হয়েছিল ফ্রান্সে। আমাদের অতি পরিচিত ফড়িংয়ের শরীরের কাঠামো, ডানার গঠন বৈশিষ্ট্য, ওড়া লক্ষ করে ১৯২৪ খ্রিস্টাব্দে বিজ্ঞানী এটিয়েন উইমিচেন প্রথম পরীক্ষামূলক হেলিকপ্টার তৈরি করেছিলেন। তারপর নানা গবেষণায় হেলিকপ্টারের গঠন, কাঠামো বিশেষ করে প্রপেলারের ব্যবস্থা, স্বল্প পরিসরে সহজে ওঠানামা, নিশ্চল অবস্থা থেকে আকাশে ওড়া ইত্যাদির যে উন্নতি ও পরিবর্তন ঘটেছে—তার সবটাই ফড়িংয়ের শরীরের গঠনভঙ্গিমা থেকে পরিকল্পিত। ফ্রান্সে এই যুগান্তকারী আবিষ্কার সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করলেও এর পেছনে ফড়িংয়ের যে অবদান আছে, তা আমরা কয়জন জানি?