তামাকের কর বৃদ্ধির দাবির প্রতি ইয়ুথ লিডারদের সংহতি প্রকাশ

ঢাকা আহছানিয়া মিশন তামাকের কর বৃদ্ধির দাবির প্রতি ইয়ুথ লিডারদের সংহতি প্রকাশ কর্মসূচির আয়োজন করে। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি প্রকাশ কর্মসূচিতে শতাধিক স্কাউট সদস্য, ডাক্তার, অন্যান্য পেশাজীবী, ঢাকা লিও ক্লাবের সদস্য, গণমাধ্যম কর্মী এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 
কর্মসূচির মধ্য দিয়ে সিগারেটের ক্ষেত্রে বিদ্যমান ৪টি মূল্যস্তর (নিম্ন-দেশীয়, নিম্ন-আন্তর্জাতিক, উচ্চ ও প্রিমিয়াম) বিলুপ্ত করে ২টি মূল্যস্তর (নিম্ন ও উচ্চ) নির্ধারণ, বিড়ির ক্ষেত্রে ফিল্টার এবং নন-ফিল্টার বিভাজন বিলুপ্ত করে এবং গুল-জর্দার ক্ষেত্রে এক্স-ফ্যাক্টরি প্রথা প্রভৃতি বাতিল করে সকল তামাকপণ্যের প্যাকেট/কৌটা প্রতি নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক্সাইজ ট্যাক্স আরোপের দাবি জানানো হয়। এ ছাড়াও তামাকের ওপর আরোপিত স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ১ শতাংশ থেকে বৃদ্ধি করে ২ শতাংশ নির্ধারণ ও অবিলম্বে তামাকের বিদ্যমান শুল্ক-কাঠামোর পরিবর্তে কার্যকর তামাক শুল্কনীতি প্রণয়ণেরও দাবি জানানো হয়। 
 
কর্মসূচিতে স্কাউট ঢাকা এয়ারের সদস্যরা, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস-এর প্রোগ্রাম  অফিসার আতাউর রহমান মাসুদ, এইড ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল, নাটাব-এর প্রকল্প সমন্বয়কারী এ কে.এম. খলিলউল্লাহ, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস-এর ডিজিটাল মিডিয়া ম্যানেজার রিয়াসাত রাজী, ন্যাশনাল হার্ট ফউন্ডেশন প্রতিনিধি ডা. শামীম জুবায়ের, ডব্লিউবিবি ট্রাস্ট-এর নেটওর্য়াক অফিসার শুভ কর্মকার, তাবিনাজ-এর সহকারী গবেষক রাশেদুজ্জামান, লিও জেলা ৩১৫ এ-২ এর জোন ডিরেক্টর এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী তামাক নিয়ন্ত্রণ প্রকল্প, মো. মোখলেছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 
সংহতি প্রকাশ কর্মসূচি শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপের জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।