দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো (৫৫)। আগামী ছয় বছর ভেনেজুয়েলা শাসন করবেন তিনি। তার জয় নিশ্চিত করেছে জাতীয় নির্বাচনী পরিষদ।
তবে বেশিরভাগ বিরোধীদলই নির্বাচন বর্জন করছে। অভিযোগ ওঠেছে ভোট জালিয়াতির। এছাড়া মার্কিন প্রশাসনও এই নির্বাচন প্রত্যাখ্যান করছে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, দেশজুড়ে সৃষ্ট আর্থিক মন্দা ও খাদ্য ঘাটতির মধ্যে ভেনেজুয়েলার এইবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৪৬ শতাংশ। ৯০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে মাদুরোর জয় নিশ্চিত করেছে জাতীয় নির্বাচনী পরিষদ।
পরিষদ প্রধান তিবিসায় লুসেনা জানান, ৫৮ লাখ (৬৭.৭ শতাংশ) ভোট পেয়েছেন মাদুরো। আর প্রধান বিরোধীদলীয় প্রার্থী হেনরি ফ্যালকন পেয়েছেন ১৮ লাখ ভোট (২১.২ শতাংশ)।
নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে ফ্যালকন বলেন, আমরা এই নির্বাচনী প্রক্রিয়াকে বৈধ বলে স্বীকৃতি দিচ্ছি না। তিনি ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। ভোট গ্রহণ শুরুর আগে এক টুইটে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত বলেন, এই নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জন্য অপমান।
এদিকে জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মাদুরো বলেন, তারা আমায় অবজ্ঞা করেছিলেন। সরকারি কর্মকর্তাদের দাবি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
ইত্তেফাক/জেআর