খোঁজ রাখে কে!

নিখুঁত অভিনয়ের কারণে প্রবীর মিত্র সবার কাছেই জনপ্রিয় একজন অভিনেতা। ভেবেছিলেন জীবনের শেষ নিঃশ্বাসটুকু থাকা পর্যন্ত অভিনয় চালিয়ে যাবেন। কিন্তু তা আর হলো না। তিনি ভালো নেই। পায়ের কারণে চার দেয়ালের বাইরেই যেতে পারেন না তিনি। প্রবীর মিত্র অভিমানের কণ্ঠে বলেন, ‘দেড় বছর ধরে ঘরে বসে রইলাম, খোঁজ রাখে কে! আগের মতো হাঁটতে পারি না। লাঠিতে ভর করে কিছুটা হাঁটার চেষ্টা করি। খারাপ লাগে আর কোনোদিন শুটিংয়ে যেতে পারবো না।’

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে তার প্রথম অভিনয়। প্রায় ৩ শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অথচ এখন বই, পত্রিকা পড়ে আর টিভি দেখে সময় কাটে। চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানের চিঠিও যায় না এখন তার বাসায়। বাংলা চলচ্চিত্র কী তাকে ভুলতে বসছে?