নাজিম উদ্দিন নিহতের ঘটনায় চালকের বিচার দাবিতে মানববন্ধন

ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন কর্মকর্তা ও লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাস চাপায় নিহত হওয়ার ঘটনায় দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে তার সহকর্মী-বন্ধু-বান্ধব ছাড়াও ভোলা ৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন উপস্থিত ছিলেন।
 
বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপরে বাসের ধাক্কায় ঢাকা নাজিম উদ্দিন (৩২) নিহত হন।
 
নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী মো. রাসেল বলেন, যাত্রাবাড়ী শনির আখড়া থেকে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পাশে আমার মোটরসাইকেলও ছিল।তার পেছনে  শ্রাবণ সুপার পরিবহনের একটি বাস ছিল।
 
তিনি জানান, শ্রাবণ সুপার পরিবহনের বাসটি মঞ্জিল পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে প্রতিযোগিতা শুরু করে। এ সময় শ্রাবণ সুপার পরিবহনের বাসটি নাজিমের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাস চাপায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এএম