নিজের পারিবারিক অত্যাচারকে নুসরাতের সাথে তুলনা করলেন মিলা। সম্প্রতি ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যার বিচারের দাবি জানাচ্ছে সারাদেশের মানুষ। এমন সময় নিজেকেই নুসরাতের সঙ্গে তুলনা করে সামনে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। মিলার অভিযোগ তাকে নগ্ন অবস্থায় বাথরুম থেকে বের করে নির্যাতন করেছিল তার শ্বশুরবাড়ির লোকজন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
মিলা ইত্তেফাককে বলেন, ‘আমার পাশে বিপদের সময় কাউকে পাইনি। যখন আমি গান গাওয়ার মতো অবস্থায় ছিলাম না তখন আমি নিপীড়িত হয়ে অনেককে আহ্বান করেছি। এদেশের একজন জাতীয় শিল্পী হিসেবে আমি আবার আমার দর্শক-শ্রোতার কাছে নিয়মিত হয়েছি। কিন্তু আমার প্রতি অন্যায় অবিচারকারীদের কিছুই হয়নি। এ কারণে সবার প্রতি আমার একটাই অনুরোধ আমি যাতে ন্যায়বিচার পাই এজন্য অন্তত আমার পাশে দাঁড়ান।’
মিলা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কত কত জীবিত নুসরাত আইনের কাছে দাঁড়ান দিনের পর দিন। কিন্তু না মেরে ফেলা পর্যন্ত তাদের জন্য কোনো আওয়াজ উঠবে না। আমি এখন বলতেও পারিনি শেষের দিন আমার শাশুড়ি আমার স্বামীর কথায় আমাকে কিভাবে বাথরুম থেকে দরজা ভেঙে বিনা কাপড় পরিহিত অবস্থায় জঘণ্যভাবে টেনে আমার দেবর, তার স্ত্রী এবং তার স্ত্রীর বাবা-মায়ের সামনে ১ ঘণ্টা গালি-গালাজ করতে থাকে। আমার বাবা ভাইবারে ভিডিও কলের মাধ্যমে পুরো ঘটনা দেখে। এক পর্যায়ে আমি হাতজোড় করে ভিক্ষা চাই এই বলে, আম্মু আমাকে মেয়ে বলে নিয়ে এসেছিলেন, আমার গায়ে কাপড় নেই, দয়া করে আমাকে ঘরের দরজা বন্ধ করে যা বলার বলেন, কিন্তু এই অপমান করবেন না। ভিডিওটা এখনো আমার কাছে আছে। দেশের শিল্পী আমি।’
মিলা নিজের আক্ষেপের সুরে আরো লিখিত স্ট্যাটাসে বলেন, ‘আমার এই পোস্টটাই তো সবার শেয়ার করার কথা, তাই না? কেউ করবে না, কেউ না। কারণ আমি বেঁচে আছি, এই মিলা কেন এখনো প্রতিদিন চিত্কার করে কাঁদে, উত্তর পাও তোমরা?’
উল্লেখ্য, দেশের জনপ্রিয় পপ তারকা মিলা তার বিবাহবিচ্ছেদ ও স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলাসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন গান থেকে বিরত ছিলেন। অবশেষে গত কয়েকমাস ধরে আবারো নিয়মিত গান ও স্টেজে পারফর্ম করছেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়াসহ সব মাধ্যমেই তিনি সক্রিয় রয়েছেন।