স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে কমনওয়েল্থ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী রবিবার সুইজারল্যান্ডের জেনেভার একটি হোটেলে কমনওয়েল্থভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এশিয়া অঞ্চলের দেশগুলোর পক্ষে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান। আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। তাদের স্বাস্থ্যসেবাসহ সকল প্রকার সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। কিন্তু তাদের তো আমরা বছরের পর বছর থাকতে দিতে পারি না। তাই কমনওয়েলথ দেশগুলোর প্রতি আমি আহ্বান জানাবো, রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ফিরিয়ে নিতে সে দেশের সরকারের ওপর যেন চাপ সৃষ্টি করা হয়।’
সভায় মোহাম্মদ নাসিম মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠির মানুষের সুরক্ষায় বাংলাদেশ সরকারের মানবিক সহায়তামূলক পদক্ষেপের বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
মোহাম্মদ নাসিম আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা দিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক নির্দেশনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য দেশের উদ্যোগের কথা তুলে ধরেন।
ইত্তেফাক/এমআই