বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন অন্য দেশের জন্য অনুসরণীয়: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন যেকোনো দেশের জন্যই অনুসরণীয়। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেসিস অনেকদিন ধরেই সরকারের সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আসন্ন বাজেটে তথ্যপ্রযুক্তি খাত বান্ধব সিদ্ধান্তই নেয়া হবে’। 
 
আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে বেসিস কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি। 
 
বৈঠকে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে সামনে রেখে সফটওয়্যার ও আইটি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যমান কর, মূসক, শুল্ক এবং আইটি কোম্পানিসমূহের জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতি সনদ ইস্যুকরণ, ইইএফ অবিলম্বে চালুকরণসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। পাশাপাশি, স্থানীয় সফটওয়্যার ও আইটি প্রতিষ্ঠানসমূহ যাতে দেশের সকল ক্ষেত্রে স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার ব্যবহার করে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতা সৃষ্টির ব্যাপারেও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।
 
এতে বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অভিভাবক সংস্থা হিসেবে বেসিস ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে সরকারের সঙ্গে একযোগে কাজ করবে। বৈঠকে অর্থমন্ত্রী বেসিসের দেয়া সকল প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই