বিশ্বকাপ ২০১৯

চমকে ভরা শ্রীলঙ্কা দল

তিনি টেস্ট অধিনায়ক। কদিন আগে শিরোনামে এসেছিলেন মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে। এবার আলোচনায় এলেন বিশ্বকাপের দলে উড়ে এসে অধিনায়ক হয়ে। চার বছর পর ওয়ানডে দলে এসেই বিশ্বকাপ অধিনায়ক হয়ে গেছেন দিমুথ করুনারত্নে।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চমক এখানেই শেষ নয়। তাদের দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল, উপল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা, অফস্পিনার আকিলা ধনাঞ্জয়া ও দানুষ্কা গুনাতিলাকার। ওয়ানডে দলের এইসব নিয়মিত মুখের বদলে শ্রীলঙ্কার নির্বাচকরা বিশ্বকাপে আস্থা রাখছেন দলে ফেরা লাহিরু থিরিমান্নে, মিলিন্দা সিরিবর্ধনা, জীবন মেন্ডিস, জেফরি ভ্যান্ডারসের মতো খেলোয়াড়দের ওপর। স্কোয়াডে ২১ বছর বয়সী আবিস্কা ফার্নান্দোর জায়গা হয়েছে। গত দক্ষিণ আফ্রিকা সফর যার খুব একটা ভালো কাটেনি। এ ছাড়া ইনজুরির কারণে ওয়ানডেতে যাওয়া আসার মধ্যে থাকা নুয়ান প্রদীপ পেয়েছেন বিশ্বকাপের টিকিট।

শ্রীলঙ্কা দলটার এই খোলনলচে বদলে ফেলার পেছনে রয়েছে তাদের সদ্য শেষ হওয়া প্রাদেশিক ওয়ানডে টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে যারা ভালো করেছেন, তাদের অনেকেই ওয়ানডে দলের নিয়মিত মুখদের বদলে দলে চলে এসেছেন। উদাহরণ হিসেবে জীবন মেন্ডিসের কথা বলা যায়। তিনি তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন এবং একটি অপরাজিত ফিফটি করেছেন। এ ছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ছিলেন অ্যাঞ্জোলো ম্যাথুস। তিনিও জায়গা পেয়েছেন দলে। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার থিরিমান্নেও এই টুর্নামেন্ট দিয়ে ফিরে এসেছেন ওয়ানডে দলে। ভ্যান্ডারসে এই টুর্নামেন্টে ৫টি উইকেট নিয়েছেন। কিন্তু গত কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে তার দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বিশ্বকাপ দলে আছেন তিনি। শ্রীলঙ্কার এই বিশ্বকাপ দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার তিনি।

এই দলে সম্ভবত সবচেয়ে বড় চমক সিরিবর্ধনার উপস্থিতি। তার দলে থাকার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান নির্বাচক অশন্থা ডি মেল বলেছেন, ‘দলে ভারসাম্য আনার জন্য ৬ নম্বরে যে ব্যাট করবে, তার কিছুটা বল করতে পারা উচিত। আমরা এই পজিশনে সে জন্য এই ভূমিকায় অভ্যস্ত কাউকে খোঁজ করছিলাম।’

ডিকওয়েলা ও আকিলার বাদ পড়াটা খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল। দু জনই সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলেন। ডি মেল বলেছেন, অ্যাকশন বদলানোর পর আকিলার কার্যকারিতা অনেক কমে গেছে, ‘আমরা বিশ্বকাপ দলে দু জন অফস্পিনার নিয়ে যেতে পারি না। আমরা ধনঞ্জয়া ডি সিলভাকে অফস্পিনার হিসেবে দলে নিয়েছি। আর আকিলা নিজের বোলিং অ্যাকশন বদলানোর পর থেকে তার চেয়ে ধনঞ্জয়া অনেক ভালো হারে উইকেট পাচ্ছে।’

পেস বোলিংয়ের দিক থেকে দেখলে আবার শ্রীলঙ্কা তরুণদের চেয়ে অভিজ্ঞদের ওপর বেশি ভরসা রেখেছে। তারা দুষমন্ত চামিরা বা কাসুন রাজিথার বদলে প্রদীপ ও সুরঙ্গ লাকমলের ওপর ভরসা রাখতে চেয়েছে।

তবে দলের সবচেয়ে আলোচিত ব্যাপার হয়েছে গত বিশ্বকাপে শেষ ওয়ানডে খেলা করুনারত্নেকে দলে নেওয়া এবং অধিনায়ক করা। প্রধান নির্বাচক বলেছেন, দক্ষিণ আফ্রিকায় তার নেতৃত্ব দলকে একত্রিত করেছিল। সেই অভিজ্ঞতা থেকে তারা এই দায়িত্ব দিয়েছেন করুনারত্নেকে।

শ্রীলঙ্কা দল :

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনা, আবিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরাঙ্গ লাকমাল।