আজ ফিরছেন রোডস

বাংলাদেশের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা হয়ে গেছে। টাইগারদের বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী ২২ এপ্রিল। মাশরাফি-তামিমদের ক্যাম্প শুরুর আগেই ঢাকায় ফিরছেন জাতীয় দলের হেড কোচ স্টিভ রোডস। আজই ঢাকায় পৌঁছাবেন এই ইংলিশ কোচ। বিসিবির লজিস্টিকস বিভাগ গতকাল এ তথ্য নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ড সফর থেকে দলের সঙ্গে ঢাকায় এসেছিলেন রোডস। যদিও বাকি সব কোচ নিউজিল্যান্ড থেকেই ছুটিতে চলে গিয়েছিলেন। ঢাকায় একদিন থেকে নির্বাচকদের সঙ্গে মিটিং করে আবার লন্ডনে ফিরে গিয়েছিলেন রোডসও। প্রায় এক মাসের ছুটি শেষে আজ আবার ফিরছেন তিনি।

এদিকে কোচিং স্টাফের সব সদস্যই ক্যাম্পের শুরু থেকে থাকবেন। তবে তাদের বেশিরভাগই ঢাকায় পৌঁছাবেন ২১ এপ্রিল। ২-১ জনের ফ্লাইট ২২ এপ্রিল সকালে এসে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, ২২-২৯ এপ্রিল ঢাকায় চলবে জাতীয় দলের ক্যাম্প। দুই দিনের বিশ্রাম শেষে ১ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিবে মাশরাফি বাহিনী।