‘পুঁজিবাদের সংকট বুঝতে অর্থনীতিবিদরা কার্লমার্ক্সকে নতুন করে পাঠ করছেন’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান বলেছেন, পুঁজিবাদী ব্যবস্থার সংকট বুঝতে গিয়ে সবদেশের অর্থনীতিবিদরা কার্ল মার্ক্সকে নতুন করে পাঠ করছেন।
 
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে ন্যায্যতা, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের কথা বলা আছে। সংবিধানের এই অনুচ্ছেদগুলোর যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং সেটাই হবে মার্ক্সের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন।’
 
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে কার্লমার্ক্সের দ্বিশত জম্মবার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
 
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ক্রমবর্ধমান আয় বৈষম্য বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার ফলে দেশের যুব সমাজের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা।এই পরিস্থিতির ব্যাখ্যা করতে হলে এবং পরিবর্তনের অর্থ খুঁজতে কার্লমার্ক্স এর কাছেই ফিরে যেতে হয় বারবার। এটা যেমন বাংলাদেশের জন্য সত্য, তেমনি বিশে^র জন্যও সত্য। পুঁজিবাদী ব্যবস্থার সংকট বুঝতে গিয়ে সব দেশের অর্থনীতিবিদরা কার্লমার্ক্সকে নতুন করে পাঠ করছেন। তাই তার জম্মের দু’শ বছর পরও মার্ক্সের ব্যবস্থা বাংলাদেশের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক।’
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সুশান্ত দাস। প্রধান আলোচক ছিলেন ফজলে হোসেন বাদশা এমপি, আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মেসবাহ কামাল ও জনাব শামসুল হুদা।
 
ইত্তেফাক/এমআই