টানা হারে আরও অপেক্ষায় পিএসজি

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি বুধবার রাতে নান্তেসের কাছে ৩-২ গোলে হারের কবলে পড়েছে। এর ফলে তাদের শিরোপা অপেক্ষা আরও এক ম্যাচ বাড়ালো। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও নেইমারকে ছাড়া খেলতে নামা সফরকারী পিএসজি দানি আলভেসের গোলে শুরুতেই এগিয়ে যায়। কিন্তু এরপর স্বাগতিক ফরোয়ার্ড ডিয়েগো কার্লোসের জোড়া গোল ও আবদুল মাজেদ ওয়ারিসের লক্ষ্যভেদে দ্বিতীয়াধের্র শুরুতেই ৩-১ গোলে পিছিয়ে পড়ে তারা। অন্তিম সময়ে পিএসজির বদলি খেলোয়াড় মেতেহান গুক্লু লক্ষ্যভেদ করলেও তা দলের হার এড়াতে যথেষ্ট ছিলো না। টানা দুই ম্যাচে হারা পিএসজি অবশ্য এখনো ১৭ পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষে আছে। সোমবার নিজেদের মাঠে মোনাকোর মুখোমুখি হবে তারা।