প্রিমিয়ার ফুটবল লিগ

প্রথম পর্বে বসুন্ধরা কিংস অপরাজিত

বসুন্ধরা কিংস ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে বিজয়ের হাসি হেসে মাঠ ছাড়ার সময় দুষ্টুমি করে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের রেলিংয়ে ঝুলছিলেন বসুন্ধরা কিংসের রাশিয়া বিশ্বকাপে খেলা ফুটবলার ড্যানিয়েল কলিনড্রেস। একই দলের অন্য আরেক ফুটবলার বুঝিয়ে দিচ্ছিলেন বাংলাদেশে এভাবে দোলাকে ‘দোলনা’ বলে। ভাঙা ভাঙা বাংলায় কলিনড্রেস উচ্চারণ করলেন, ‘দো-ল-না!’ উঠল হাসির রোল। দর্শক ও খেলোয়াড় এসব দেখে বেশ আনন্দই পেলেন। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে শীর্ষস্থানের মুকুট ধরে রাখলো বসুন্ধরা কিংস। প্রথম পর্বে ১২ ম্যাচে একটি হারও নেই বসুন্ধরার। একমাত্র দল বসুন্ধরা এখনও হারেনি। ১২ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে পয়েন্ট টেবিলে। নবাগত এই দলটি লিগের প্রথম পর্বের চ্যাম্পিয়নই বলা যায়। আবাহনী দ্বিতীয় স্থানে থাকলেও তারা এখন ৪ পয়েন্ট দূরে। নিজেদের এই মাঠেই লিগের প্রথম খেলায় কিংস ৩-০ গোলে হারিয়েছিল আবাহনীকে।

গতকাল নীলফামারীর স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যুতে চট্টগ্রাম আবাহনীকে আরো বড় ব্যবধানে হারাতে পারত বসুন্ধরা। গোলের মিসের মহড়া দেয়ায় সেটি হয়নি। কড়া রোদের মাঠে দুই দলের খেলাটি খাপছাড়া হয়ে গিয়েছিল। কোনো দলই সুবিধা করতে পারছিল না। গোলও পাচ্ছিল না। দর্শকদের বিরক্তি কুড়াচ্ছিল। কিংসের মতিন মিয়া, কিরগিজ ফুটবলার বখতিয়ার, অধিনায়ক কলিনড্রেস, ছন্দে থাকা ব্রাজিলিয়ান মার্কোস ভিনিসিয়াস এবং চট্টগ্রাম আবাহনীর আশিক বড়ুয়া সুযোগ নষ্ট করে। ৩৭ মিনিটে কিংসের আক্রমণ ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়ে আবাহনীর গোলরক্ষক নেহাল মাঠ ছাড়েন। বদলি গোলরক্ষক রাসেল গোলপোস্টে দাঁড়ান। প্রথমার্ধের ইনজুরি টাইমে বসুন্ধরা গোলের মুখ দেখে। বখতিয়ার গোল করেন ১-০।  ৭৮ মিনিটে কলিন্দ্রেস গোল করেন ২-০। ৮৪ মিনিটে কিংসের আক্রমণে ইমনের কাছে বল পেয়ে এবার আর সুযোগ হাতছাড়া করেনি ব্রাজিলিয়ান মার্কোস ভিনিসিয়াস ৩-০। বলা যায় প্রথম পর্বটা দাপটে শেষ করলো কিংস।

নিজেদের হোম ভেন্যুতে দাপুটে ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। নোফেল, রহমতগঞ্জ, আরামবাগ, শেখ রাসেল, সাইফ সেপার্টিংকে হারিয়েছে। জয় ৭ ম্যাচের সবগুলোতে। সাত নম্বর ম্যাচ শেষে কিংস কোচ অস্কার ব্রুজোন তৃপ্তির হাসিয়ে নিয়ে বললেন, ‘ঘরের মাঠে সবকটি জয় আমরা নিশ্চিত করে দেখাতে সক্ষম হলাম।’ ১২ ম্যাচে বসুন্ধরা কিংসের গোল ২৬, হজম করেছে ৬টি।  চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদ মিন্টু অবশ্য খেলা শেষে কোনো মন্তব্য করেনি।

শেখ জামাল পয়েন্ট হারিয়েছে

নোয়াখালীতে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগে নোফেল ও শেখ জামাল গোল শূন্য ড্র করেছে।

আজকের খেলা ঃ

মোহামেডান ও রহমতগঞ্জ। ৪টা বঙ্গবন্ধু স্টেডিয়াম। সাইফ ও মুক্তিযোদ্ধা। ৩টা ৩০, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, গোপালগঞ্জ।