আমলা আছেন বিশ্বকাপ দলে

হাশিম আমলার সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছিলো না। ফলে গত মাসখানেক ধরে আলোচনা চলছিল, তিনি কী বিশ্বকাপ দলে সুযোগ পাবেন না? অবশেষে সেই আলোচনার শেষ হলো, আমলার অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। জো হেনড্রিকসকে বাদ দিয়ে হাশিম আমলাকে নিয়েই ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের জন্য আফ্রিকান দলটির স্কোয়াড।

প্রত্যাশা মতোই দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্ব করবেন ফাফ ডু প্লেসিস। দলে একমাত্র বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে ডাক পেয়েছেন কুইন্টন ডি কক। সে রকম জটিল সমস্যা হলে ডেভিড মিলার কিপিং করতে পারবেন।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ককের ইনজুরিতে মিলার কিপিং করেছেন। দলে জায়গা হয়নি দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে থাকা অলরাউন্ডার ক্রিস মরিসের। ইনজুরিতে থাকা দুই খেলোয়াড় লুঙ্গি এনগিডি ও অ্যানরিক নোর্টজে সেরে উঠবেন, এই ভরসায় তাদের দলে রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক কমিটির আহবায়ক লিন্ডা জোন্ডি।

ডু প্লেসিস, আমলা, ডুমিনি, ইমরান তাহির ও ডেল স্টেইন এবার তাদের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। অন্যদিকে ডি কক ও ডেভিড মিলার খেলবেন যার যার দ্বিতীয় বিশ্বকাপ।

সবমিলিয়ে জোন্ডি বলেছেন, দক্ষিণ আফ্রিকার এই দলটি যথেষ্ট শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ, ‘আমরা মনে করছি, ফাফের এই দলটি যে কন্ডিশনই আসুক, সেখানে ভালো করার ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী। আমরা দল করার সময় এটা মাথায় রেখেছি যে, ইংল্যান্ডে আমাদের কী ধরনের প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হবে। আমাদের যেসব খেলোয়াড় এখন আইপিএলে আছেন, তাদের দারুণ ফর্ম আমাদের খুব উত্সাহিত করেছে।’

দলের দুজন ফাস্ট বোলার নোর্টজে ও এনগিডি ইনজুরিতে থাকার পরও তাদের দলে নেওয়া প্রসঙ্গে জোন্ডি বলেছেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে খুশি যে, বর্তমানে ইনজুরি তালিকায় থাকা লুঙ্গি এনগিডি ও অ্যানরিক নোর্টজে একেবারেই সেরে ওঠার পথে আছে। আমরা আগামী মাসে ক্যাম্প শুরু করার আগেই তারা ফিরে আসবে বলে আশা করছি।’

দক্ষিণ আফ্রিকা দল

 

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দিল ফেলুকাও, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক, অ্যানরিক নোর্টজে, লুঙ্গি এনগিডি, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, হাশিম আমলা, তাবরাইজ সামসি।