বিবিসি’র অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় হূদয়ের মা

২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ছেলে হূদয়কে কোলে করে পরীক্ষার হলে নিয়ে যান সীমা সরকার। বিবিসি’র অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী একশ নারীর তালিকায় স্থান পেয়েছেন সেই হূদয় সরকারের মা সীমা সরকার। সোমবার বিবিসি তাদের অনলাইন সংস্করণে ২০১৮ সালে বিশ্বের ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮১তম স্থানে রয়েছেন সীমা সরকার। সীমা সরকার গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ছেলে হূদয়কে কোলে করে নিয়ে যান পরীক্ষার হলে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে। ছেলেকে কোলে নিয়ে তিন-চার তলা সিঁড়ি বেয়েছেন সীমা সরকার। প্রতিবন্ধী ছেলেকে পড়াশোনা করানোয় নিগৃহের শিকারও হয়েছেন সীমা সরকার। স্বল্প আয়ের পরিবারে প্রতিবন্ধী শিশুকে পড়াশোনা করাতে গিয়ে আর্থিক অনটনেও পড়েছেন তিনি।

সীমা সরকার সম্পর্কে বিবিসি লিখেছে, সীমা সরকার বাংলাদেশের ৪৪ বছরের একজন মা। তিনি তার ১৮ বছরের নিষ্ক্রিয় সন্তানকে কোলে করে পরীক্ষায় অংশগ্রহণ করাতে নিয়ে এসেছেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সীমা সরকারের বাড়ি নেত্রকোনা জেলায়। এ তালিকায় আরও স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন,ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডসহ আরও অনেক প্রখ্যাত নারী।   তালিকায় নিজের নাম থাকায় সীমা সরকার আনন্দিত           ও গর্বিত।

প্রতিবছর সারা বিশ্বের বিভিন্ন অঙ্গনের ১শ’ জন অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিশ্বের ৬০টি দেশের ১৫ থেকে ৯৪ বছর বয়সী নারীদের নিয়ে এই তালিকা তৈরি করা হয়। তার পরিচিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির মাধ্যমে।