লাইব্রেরির মানোন্নয়ন প্রয়োজন

দক্ষিণ এশিয়ার কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। সুদক্ষ কৃষিবিদ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশের কৃষির সমৃদ্ধির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু ছাত্রাবস্থায় তাদের নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, যার মধ্যে অন্যতম লাইব্রেরি সমস্যা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে রয়েছে পর্যাপ্ত বই ও পত্রিকা না থাকা, পাঠকক্ষে আসন সংকুলান না হওয়া, নিরবিচ্ছিন্ন বিদ্যুত্ না পাওয়া, ইন্টারনেট সংয়োগ না থাকার মতো সমস্যা। এছাড়াও সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে গ্রন্থাগার বন্ধ থাকা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথে অন্যতম প্রধান অন্তরায়। এ অবস্থায়, লাইব্রেরির মানোন্নয়ন করা আবশ্যক—সমৃদ্ধ পাঠাগার গড়ে সকল শিক্ষার্থীর জ্ঞানার্জন সহজ করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ