সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত চেয়ে রিট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রবিবার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ ধারার পরিপন্থী। 

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের উপর শুনানি হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে রিটে। 

রিটকারী আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ওই তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য ছিলো। পরবর্তীকালে নির্বাচনের পুন:তফসিল দেয়া হয়। পূর্বের ঘোষিত তফসিল স্থগিত বা বাতিল না করে ১২ নভেম্বর দেয়া পুন:তফসিল দেয়া আইনসংগত নয়। 

সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদ উল্লেখ করে রিটে বলা হয়, মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙ্গে যাওয়ার ক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেহেতু সংসদ বহাল রেখে নির্বাচন অসাংবিধানিক। 

এতে আরো বলা হয়, সংসদ সদস্যরা সরকারের রাজস্ব খাত থেকে বেতন ভাতা পাচ্ছেন। তাই পদটি লাভজনক পদ। দুর্নীতি দমন আইন এবং দণ্ডবিধি অনুযায়ী সংসদ সদস্য পদটি লাভজনক। তাই সংসদ ভেঙে না দিয়ে তফসিল ঘোষণা অসাংবিধানিক।

ইত্তেফাক/জেডএইচ