তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় তামাক নিয়ন্ত্রণ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেল ঢাকা আহছানিয়া মিশন। বৃহস্পতিবার পিকেএসএফ আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ পদক ২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. এম এহছানুর রহমান। পুরস্কারের মধ্যে ছিল ক্রেস্ট ও চেক। উক্ত অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়- একটি প্রতিষ্ঠান এবং অন্যটি গবেষণা।
গবেষণার স্বীকৃতিস্বরুপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা: এম মোস্তফা জামানকে পুরস্কার প্রদান করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের পিকেএসএফ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মালিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর সভাপতি ড. কাজী খলীকুজ্জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. শরীফ আহমেদ চৌধুরী, জাতীয় তামাক বিরোধী প্ল্যাটফর্মের সমন্বয়কারী ডা. মাহফুজুর রহমান ভূইয়া। অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর প্রধান ইকবাল মাসুদ এবং তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করছে এমন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা আহছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে তামাক বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করছে।
ইত্তেফাক/রেজা