সব সূচকে বাংলাদেশ এখন শক্ত অবস্থানে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছি আমরা। সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সব সূচকে বাংলাদেশ এখন শক্ত ভিতের উপর অবস্থান করছে। 
 
তিনি বলেন, অসমতা দূরীকরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও নারীর ক্ষমতায়নে বাজেটে বিশেষ বরাদ্দ থাকছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ অর্জনের পথকে সুগম করেছে। 
 
ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির (ডব্লিউএফডি) এশিয়া ও লাতিন আমেরিকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডেভিড এ ট্রিবলি বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি তাকে এ সব কথা জানান। 
 
স্পিকার বলেন, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। ডব্লিউএফডি সংসদীয় চর্চা উন্নয়নের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে- যা প্রশংসনীয়। ডেভিড এ ট্রিবলি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন। জাতীয় সংসদের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করায় স্পিকার তাকে ধন্যবাদ জানান। 
 
শিরীন শারমিন এ সময় সংসদীয় গবেষণা, নারী সংসদ সদস্যদের উন্নয়ন ও জলবায়ুর পরিবর্তন বিষয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রকল্প সমন্বয়ক কাজী শহীদুল হক ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি