চট্টগ্রাম বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক ট্রাফিক পুলিশ সড়কে বাণিজ্য করছে বলে অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিদিন ট্রাফিক পুলিশ নিয়ে আমাদের কাছে অসংখ্য অভিযোগ আসে। চালক ও মালিকরা এসব অভিযোগ করেন। গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও নো পার্কিং মামলা দেয়া হয়। দুই হাজার টাকা নিয়ে স্লিপ দেয়া হয় ২০০ টাকার। যাদের হাতে সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব তারাই যদি বাণিজ্যে লিপ্ত থাকে তাহলে কখনোই সড়কে শৃঙ্খলা আসবে না।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মাশহুদুল কবীর বলেন, সড়ক দুর্ঘটনার জন্য কাউকে এককভাবে দায়ী করা যায় না। সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালক-হেলপার নয়, যাত্রী ও পথচারীদেরও সচেতন হতে হবে। ট্রাফিক বিভাগ দায়িত্বশীল হলে সড়ক ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে।
সেমিনারে আলোচকরা বলেন, হকারদের মাধ্যমে ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তায় হাঁটেন। এতে দুর্ঘটনা হয়। এ ব্যাপারে প্রত্যেক গাড়ির চালককে সতর্ক থাকতে হবে। অদক্ষ, অযোগ্য ও নেশাগ্রস্ত চালক দ্বারা গাড়ি চালানো যাবে না। লোভ কমিয়ে এবং প্রতিযোগিতা বন্ধ করে গাড়ি চালাতে হবে। নিরাপদ সড়ক ও জীবন নিশ্চিত করতে হলে সহজ শর্তে চালকদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। গতকাল বৃহস্পতিবার নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ সেমিনারে সভাপতিত্ব করেন।