ইউক্রেনে ধবংস হওয়া মালয়েশীয় বিমানটি ভূপাতিত করতে রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। আন্তর্জাতিক তদন্তকারীরা জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীর ইউনিট মালয়েশিয়ার বিমান ধ্বংসের জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। চার বছর আগে মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭কে ইউক্রেনের আকাশসীমায় ভূপাতিত করা হয়। এতে অ্যামস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী বিমানের ২৯৮ জন যাত্রীর সবাই প্রাণ হারান। এ খবর দিয়েছে বিবিসি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডাচ-নেতৃত্বাধীন তদন্তকারীরা জানান, রুশ সেনাবাহিনীর ৫৩তম বিমান বিধ্বংসী মিসাইল ব্রিগেড থেকে ঐ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি বহরের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিদ্রোহীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। সেখান থেকেই ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটি ভূপাতিত করা হয়। কিভাবে বিদ্রোহীদের হাতে এই ক্ষেপণাস্ত্র পৌঁছেছিল সে সম্পর্কিত কিছু ছবিও প্রকাশ করেন তদন্তকারীরা ।
অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস আনুষ্ঠানিক ভাবে রাশিয়াকে এমএইচ১৭ যাত্রীবাহী বিমানটি ধ্বংসের দায়ে অভিযুক্ত করেছে।
ইউক্রেন এবং পশ্চিমা বিশেষজ্ঞরা এর আগে থেকেই অভিযোগ করে আসছিলেন যে পূর্ব ইউক্রেনের রুশ-পন্থী বিদ্রোহীরাই বিমানটিকে ভূপাতিত করেছে। তবে রাশিয়া এবং বিদ্রোহী দলগুলো বরাবরই ঐ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। ঘটনাস্থলে তদন্ত চালিয়ে ডাচ বিশেষজ্ঞরাও বলেছিলেন যে তারা ঘটনাস্থলে এমন কিছু টুকরো পেয়েছেন যা সম্ভবত রাশিয়ায় তৈরি ইঁশ জাতীয় ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের টুকরো।
ইত্তেফাক/ জেআর