জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিশুরা। সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর ঘটতে থাকা নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে দেশজুড়ে একযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিশুরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করে। গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ ৬৪ জেলায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় ও শিশু সংগঠনের শিশুদের অংশগ্রহণে এ মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ প্রতিবাদ কর্মসূচি সকাল সাড়ে এগারোটায় সকল জেলায় একযোগে শুরু হয়। প্রথমে জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সমবেত হয়ে মৌন প্রতিবাদ জানায় তারা। এরপর শিশুরা নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।