শিল্প ও চারুকলা, সংগীত, নাটকসহ সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘শিল্পকলা পদক-২০১৭’ পেয়েছেন দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই পদক প্রাপ্তরা হলেন- মিহির পাল (কণ্ঠসংগীত), মোহাম্মদ আলাউদ্দিন মিয়া (যন্ত্রসংগীত), এস এম মহসীন (নাট্যকলা), কাঙ্গালিনী সুফিয়া বেগম (লোক সংস্কৃতি), চন্দ্র শেখর দে (চারুকলা), নাসির আলী মামুন (ফটোগ্রাফি ) ও শর্মিলা বন্দোপাধ্যায়।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদক প্রাপকদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক (অর্থ) শহীদুল ইসলাম।
লাকী জানান, ২৮ মে সোমবার ‘শিল্পকলা পদক-২০১৭’ প্রদান করা হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক প্রদান করবেন। দুপুর ২টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানটি হবে।
লিয়াকত লাকী জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে। এবার পঞ্চম বারের মতো এই পদক প্রদান করা হচ্ছে। গত চার বছরে ২৮ জন শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে এই পদক প্রদান করা হয়েছে। আগামী বছর থেকে পদকের আরও তিনটি বিভাগ বৃদ্ধি পাবে। এর ফলে আগামী বছর থেকে দশটি বিভাগে ১০টি পদক দেয়া হবে।
তিনি বলেন, বাঙালি জাতির প্রতিটি সংগ্রাম, আন্দোলন ও অর্জনে এদেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা নাটক, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের সকল শাখার মাধ্যমে তাঁদের অপরিসীম অবদান রেখেছেন। হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের লালন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছেন আমাদের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে তাঁরা নিঃস্বার্থভাবে অবদান রেখে চলেছেন। তাঁদের অবদানকে সম্মান জানাতে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে। দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের কর্মকে মূল্যায়ণ করে সংস্কৃতির বিকাশ সাধনের লক্ষ্যে এই সম্মাননা প্রদান করা হয়। বাসস।
ইত্তেফাক/এমআই