কাজ হারিয়েছেন অস্ট্রেলিয়ার সমকামী ইমাম, পাচ্ছেন প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়ার একটি মসজিদে ইমাম ছিলেন নূর ওয়াসামে। তিনি সমকামী, সেটা জানাজানি হওয়ার পর মুসলিম সমাজে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি। ইতিমধ্যে মসজিদে নামাজ পড়ানো বা ইমামতির কাজ হারিয়েছেন। এবার বিভিন্ন ধর্মীয় নেতা এবং মুসলিম কমিউনিটির অনেকের কাছ থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি।
 
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, ‘আমার জীবনের চাহিদাকে কেউ বুঝতে পারেনা। আমার বিশ্বাস, সমকামিতা নিয়ে বা এর পক্ষে অন্য ইমামদের কেউ কথা বলবে না। তবে আমি বেডরুমে কি করছি, তা প্রকাশ্যে নিয়ে এসে আলোচনা করাটা ঠিক নয়।’
IMG0
কাজ হারানোর বিষয়ে ওয়াসামে বলেন, ‘প্রথম বিষয়টিই ছিল, আমি আমার মসজিদ হারিয়েছি। আমাকে নামাজ পড়াতে বা ইমামতি করতে দেয়া হয়নি। এটি আমার হৃদয়ে খুব আঘাত করেছে।’ পাঁচ বছর আগে মসজিদে নামাজের বাইরে একদল তরুণ একটি প্রার্থনা গ্রুপ তৈরি করেছিল। নূর ওয়াসামে সেই তরুণদের সাহায্য করতেন। তিনি আরো বলেন, ‘যে তরুণদের মসজিদে নামাজ পড়ার অনুমতি ছিল না। এই প্রার্থনা গ্রুপটি ছিল তাদের জন্য বিকল্প ব্যবস্থা। আমি তাদের বলতাম, আমি তোমাদের সঙ্গে থেকে লড়াই করবো।’
IMG1
যদিও সম্প্রতি অস্ট্রেলিয়ায় সমকামী বিয়ের স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু সেখানে মুসলিম সমাজে তা এখনো গ্রহণযোগ্য নয়। সেখানকার জাতীয় ইমাম কাউন্সিল কিছুদিন আগে স্থানীয় সংবাদমাধ্যমে ঘোষণা করেছে, ‘ইসলামে সমকামিতা গ্রহণযোগ্য নয়। ইসলামী আইনে এর শাস্তি মৃত্যুদণ্ড।’ নূর ওয়াসামে বলেছেন, ‘অনেক সময় ভয়াবহ পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকতে হয়। ধর্মীয় নেতা যারা আছেন, তাদের ক্ষমতা অবিশ্বাস্য। তারা একটি শব্দ বা একটি বাক্য ব্যবহার করে তোমার জীবন ধ্বংস করে দিতে পারেন অথবা তোমার জীবন গড়ে দিতে পারেন।’
নূর ওয়াসামের প্রাণনাশের হুমকি আসায় তাকে এখন পুলিশী পাহারায় থাকতে হয়। তিনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। তবে নূর ওয়াসামে মনে করেন, ‘সমকামীরাও মানুষ, তাদেরও ধর্ম পালনের অধিকার আছে।’ সেজন্য এখন তিনি সামাজিক নেটওয়ার্কে অস্ট্রেলিয়া এবং এর বাইরে অনেক অনুসারী তৈরি করেছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু