ক্ষমতায় আজ আছি কাল নাও থাকতে পারি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  আমি ক্ষমতায় চিরদিন থাকবো না, আজ আছি কাল নাও থাকতে পারি। আমি কোন অন্যায় করিনি। জনগণের মাঝে আমি সুখ-দুঃখের মুহূর্তে  ছিলাম, সব সময় আছি ও থাকবো।
 
রবিবার ওবায়দুল কাদের তার নিজ সংসদীয় এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি  দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণকে খুশি করুন। তা হলে জনগণ আপনাদের খুশি করবে, ভালোবাসবে। বিলবোর্ড দিয়ে জনপ্রিয়তা নির্ণয় করা যায় না।বিলবোর্ডে ছবি দিয়ে নেতা হওয়া যায় না, কাজ লাগবে, কৃতি লাগবে। যারা আমার ছবির সঙ্গে আপনাদের ছবি দিয়ে গাছের ওপরে বিলবোর্ড টাঙিয়েছেন, অতিসত্বর আপনারা এসব বিলবোর্ড নামিয়ে ফেলুন। নচেৎ আমি নিজে এ সব বিলবোর্ড নামিয়ে ফেলবো।
 
তিনি আরো বলেন, আমি ঢাকা থেকে উড়ে এসে জুড়ে বসে নেতা হইনি। আমি তৃণমূল থেকে বড় হয়েছি, আমার নেত্রী আমার ত্যাগের মূল্যায়ন করেছেন। আমার নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ।এখানে আমার জন্ম, আপনারা আমাকে ভালোবাসেন এবং ভোট দেন বলেই আমি এমপি হই, মন্ত্রী হই। 
 
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে আমি একটি উদাহরণ সৃষ্টি করেছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, চট্রগ্রাম ডিভিশনের ইতিহাসে আর কেউ একজন সাধারণ সম্পাদক হয়নি। তারপরেও আমি সংবর্ধনা নিইনি, গেইট করতে দিইনি। আমার এগুলো দরকার নেই। কারো ভালো না লাগলে চলে যান, তবে দলে থেকে কোন অপকর্ম সহ্য করা হবে না। কারো মনে কষ্ট দিয়ে নেতা হওয়ার চেষ্টা করবেন না।
 
ওবায়দুল কাদের  আরো বলেন, আমি ভারত সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাশাপাশি বসে কথা বলার সুযোগ পেয়েছি, আমার জীবনে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে! এ সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই সফরে দেশের জনগণের স্বার্থের কথা তুলে ধরেছি।
 
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল,  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কবির হাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন্।
 
ইত্তেফাক/নূহু