দক্ষিণ সুদানে যুদ্ধ উস্কে দেয়া এবং ত্রাণ কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী কুয়োল মানইয়াং জুকসহ ছয়জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে। এই বিষয়ে নিরাপত্তা পরিষদের কাছে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খবরে বলা হয়, বৃহস্পতিবারের একটি নির্ধারিত বৈঠকে এ খসড়া প্রস্তাব গৃহীত হলে বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে দক্ষিণ সুদানের এ ছয় নাগরিককে কালো তালিকাভুক্ত এবং তাদের সম্পদ জব্দ করা হবে।
প্রেসিডেন্ট সালভা কির সরকারের ব্যাপারে ওয়াশিংটনের ক্রমবর্ধমান হতাশার প্রেক্ষাপটে মার্কিন নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জোরালো সহযোগিতায় ২০১১ সালে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। বাসস।
ইত্তেফাক/ জেআর