ট্রাম্পের ভুলে ভরা চিঠি শুধরে হোয়াইট হাউসে ফেরত পাঠালেন শিক্ষিকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠির ভুল শুধরে সেটি হোয়াইট হাউসে ফেরত পাঠিয়েছেন অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকা। ওই শিক্ষিকার নাম ইভন ম্যাসন। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের বাসিন্দা। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
 
খবরে বলা হয়,  আটলান্টার একটি স্কুলে ১৭ বছর ধরে শিক্ষকতা করেছেন ম্যাসন। ট্রাম্পের চিঠিটি নিয়ে তিনি বলেন, এই চিঠিটি পরীক্ষার খাতায় কোনরকমে পাসযোগ্য ছিল। আর এতে অনেক ব্যাকরণগত ভুল ছিল। উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট’ ও ‘স্টেট’ সহ মোট ১১টি শব্দের প্রথম বর্ণটি বড় হাতের অক্ষরে লেখা হয়েছিল।
 
সাউথ ক্যারোলিনার গ্রিনভিল নিউজকে ম্যাসন বলেন, এটা যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিখতো তাহলে আমি হয়তো তাকে ‘সি’ বা ‘সি-প্লাস’ দিতাম। উচ্চ বিদ্যালয়ের কোন শিক্ষার্থী লিখলে তাকে ‘ডি’ দিতাম। তবে প্রেসিডেন্টের স্বাক্ষরসহ  পাঠানো চিঠিটিতে কোন গ্রেড লিখে দেননি তিনি।
 
ম্যাসন জানান, তিনি এক চিঠিতে ফ্লোরিডার পার্কল্যান্ডে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যার ঘটনার পর হতাহতদের পরিবারের সঙ্গে ট্রাম্পকে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি স্কুলের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছিলেন। চিঠির জবাবে ট্রাম্প তাকে ওই ভুলে ভরা চিঠি পাঠান।
IMG0
ম্যাসন বলেন, আপনি যখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চিঠি পাবেন তখন আপনার নূন্যতম প্রত্যাশা থাকবে যে  সেগুলো পদ্ধতিগতভাবে সঠিক থাকবে। তিনি আরো জানান, হোয়াইট হাউসের চিঠিটিতে তার মূল চিঠির ঠিকঠাক জবাবও ছিলনা।
 
ইত্তেফাক/ জেআর