জামিন জালিয়াতিতে অভিযুক্ত আইনজীবীকে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

তিন মামলায় জামিন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে আইনজীবী মো. জালাল উদ্দিনকে মামলা পরিচালনায় নিষিদ্ধ করেছে হাইকোর্ট। সুপ্রিমকোর্টসহ দেশের সকল আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে তাকে অব্যাহতি দেয়া হয়। 
 
বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। একইসঙ্গে জালিয়াতির ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে বলা হয়েছে।
 
জালাল উদ্দিন তিনটি মামলায় কখনো জামাল উদ্দিন আবার কখনো জালাল উদ্দিন নাম ব্যবহার করেছেন। যখন জামাল নাম ব্যবহার করেছেন তখন তিনি আইডি ব্যবহার করেছেন হারুন অর রশিদ নামে এক আইনজীবীর। তাদের উপস্থিতিতে হাইকোর্ট আজ এ আদেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল জালিয়াতির বিভিন্ন তথ্য তুলে ধরেন।
 
ইত্তেফাক/এমআই