পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধান বিচারপতি নাসির-উল-মুলককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে চূড়ান্ত করার ঘোষণা দেন পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা খুরশিদ শাহ। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। মুলকের নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফও।
গত কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে রাজনীতিকরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছে আলজাজিরা। ৬৮ বছর বয়সী মুলক এক বছরেরও বেশি সময় ধরে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে ২০১৪ সালে অবসরে যান। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার বিষয়ে সুনাম রয়েছে যুক্তরাজ্যের আইনি ডিগ্রিধারী এই সাবেক বিচারকের।
পাকিস্তানে আগামী ২৫ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মুলক জুনের ১ তারিখে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। কোনো দুর্ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হলে পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বারের মত বেসামরিক সরকার তাদের পাঁচ বছর পূর্ণ করার পর আরেকটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ৭০ বছরের ইতিহাসে প্রায় অর্ধেকটা সময় সামরিক সরকারের অধীনে ছিলো পাকিস্তান। দ্য ডন।
ইত্তেফাক/সেতু