‘দর্শকরা পছন্দ করছে বলেই ছোটপর্দায় কাজ করছি’

 
ঈদকে কেন্দ্র করে টেলিফিল্ম নিয়ে ব্যস্ত আছেন মামুনুন হাসান ইমন। চলচ্চিত্রের পাশাপাশি বিশেষ দিবসগুলোতে ছোটপর্দাতেও দেখা যায় তাকে। দুই পর্দায় তার ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু—
 
কেমন আছেন?
বেশ ভালো আছি। যেহেতু সামনে ঈদ তাই একটু পরিশ্রম বেশি হচ্ছে।
 
ঈদ ব্যস্ততা প্রসঙ্গেই প্রথমে জানতে চাইবো—
ঈদের দুটি টেলিফিল্ম প্রচার হবে। একটিতে আমার সহশিল্পী পূর্ণিমা ও নিরব। এটি এনটিভিতে ঈদে প্রচার হবে। এছাড়াও চ্যানেল আইয়ের জন্য একটি টেলিফিল্মে অভিনয় করছি। এখানেও আমার বিপরীতে রয়েছেন পূর্ণিমা।
 
বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের কথা জানা গেছে। সেগুলোর কী খবর?
সেগুলোও চলছে। সম্প্রতি ‘পাপ কাহিনী’ চলচ্চিত্রের কাজ শুরু করলাম। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ছবিটি নিয়ে ব্যস্ত আছি এখন। এছাড়াও ‘সাহসী যোদ্ধা’ ছবিটির কিছু অংশের কাজ বাকি আছে। ঈদের পর সেটির শুটিং করবো। পাশাপাশি ‘আমার সিদ্ধান্ত’ শিরোনামে একটি ছবিতে কাজ করছি।
 
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় কাজ করছেন। সময়ের ব্যালেন্সটা কিভাবে করেন?
এখন ঠিক ব্যালেন্স আমার সেভাবে করতে হয় না। কারণ সারাবছর ছোটপর্দার ব্যস্ততা তো আমার থাকে না। ঈদ অথবা বিশেষ দিবসে একটি বা দুটি ছোটপর্দায় কাজ করি। যখন চলচ্চিত্রের ব্যস্ততা থাকে না তখন।
 
বড়পর্দার তারকারা ছোটপর্দায় অভিনয় করলে দর্শকরা কিভাবে গ্রহণ করেন বলে আপনার মনে হয়?
আমার বিষয়টি বলতে পারি। দর্শকরা পছন্দ করছে বলেই ছোটপর্দায় কাজ করছি। এখানেও আমার একটা দর্শক শ্রেণি আছে। যাদের ভালোবাসায় কাজ করা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ