ভারতে শাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ৪২ বছর পর

ভারতে শাড়ি চুরির অভিযোগে এক ব্যক্তিকে কথিত ঘটনার ৪২ বছর পর গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম রামাধর পান্ডে। এ খবর দিয়েছে বিবিসি বাংলা।
 
খবরে বলা হয়, ১৯৭৬ সালের ২৫শে ডিসেম্বর গুজরাটের সুরাট শহর থেকে ট্রেনে কলকাতা আসার সময় এক বান্ডিল শাড়ি থেকে ৮৯টি চুরি হয়ে যায়। তখন ধারণা করা হয়েছিল চুরির সঙ্গে রেল কর্মীরা জড়িত। অভিযুক্তদের মধ্যেই ছিল রামাধর পান্ডের নাম।
 
পান্ডেকে গ্রেফতারের আগেই এই চুরির ঘটনায় আরো ৮ জনকে গ্রেফতার করা হয়। কিন্তু পান্ডের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
 
রায়পুরের রেল সুরক্ষা বাহিনীর অফিসার ইন-চার্জ দিবাকর মিশ্র জানান, প্রায় ২২ বছর ধরে মামলা চলার পরে স্থায়ী জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত। এর অর্থ, যে কোনও সময়েই গ্রেপ্তার করা যেতে পারে। আমরা অনেক খোঁজ করে জানতে পারি যে রামাধর পান্ডে বিহারে তার গ্রামের বাড়িতেই আছে। তাকে গ্রেপ্তার করতে দুই তিনবার অভিযান চালানো হয়েছে, তবে ধরা যায়নি।
 
নিজের গ্রামের এক মাতব্বর রামাধর। তাই পুলিশ তাকে গ্রেফতার করতে গেলেই গ্রামবাসীরা বাঁধা দিত। তাই বারে বারে ফিরে আসতে হয়েছে রেল সুরক্ষা বাহিনীকে।
 
মিশ্র বলেন, এবার আমরা আর ঝুঁকি নিই নি। বিহার পুলিশের সঙ্গে আগে থেকে কথা বলে প্ল্যান করা হয় যে দিনের বেলা যখন ধরা যাচ্ছে না, তখন রাতে অভিযান চালাব।
 
পরিকল্পনা অনুযায়ী গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পুলিশের গাড়িগুলো রেখে দেওয়া হয়েছিল। বাকি পথটা পায়ে হেটে রওনা দেয় বাহিনী। পরে পান্ডের বাড়িটা ঘিরে ফেলে পুলিশ। এবার আর পালাতে পারেননি রামাধর পান্ডে।
 
মিশ্র বলছিলেন, চুরির অভিযোগটি যখন দায়ের হয়েছিল ওই রেল কর্মীর বিরুদ্ধে, তখন বয়স ছিল প্রায় ৩০। সেই যুবক এখন ৭০ পেরিয়ে গেছে। তবুও শেষ পর্যন্ত ধরা পড়লেনই। বিবিসি বাংলা।
 
ইত্তেফাক/ জেআর