রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমা এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও চার কর্মীসহ মোট ছয়জনকে হত্যার ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করা ইউপিডিএফের তিন নেতাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে রাঙ্গামাটির বিচারিক আদালত।
আজ বুধবার বিকেলে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নানিয়ারচর থানার দায়ের করা মামলায় আটক তিনজনকে হাজির করা হয়। রাঙ্গামাটি কোর্ট পরিদর্শক মো. ইসরাফিল জানান, আটককৃত তিনজনের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানির পর রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহেদ আহমেদ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার রাতে চট্টগ্রামের ইপিজেড ও বায়েজিদ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন, ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সুকৃতি চাকমা (৪০), যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কান্তময় চাকমা (৩৫) এবং ইউপিডিএফ পিসিপি’র সাধারণ সম্পাদক জিকু চাকমা (২৫)।
এর মধ্যে সুকৃতি চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর থানায়। তার বাবার নাম প্রিয় রঞ্জন চাকমা। কান্তময় চাকমার বাড়ি খাগড়াছড়ির মহালছড়ির জাদুগানবালায়। তার বাবার নাম নিলু কান্তি চাকমা। জিকু চাকমার বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচরের বেতছড়িতে। তার বাবার নাম মরতি চাকমা।
আটককৃত কান্তয় চাকমা ও জিকু চাকমা তপন জ্যোতি চাকমা (বর্মা)-সহ পাঁচ খুন মামলার আসামি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং রাঙ্গামাটি সদর থানার এস আই সৌরজিৎ ও ডিবি পুলিশ এএসআই আহসানের নেতৃত্বে চট্টগ্রামের দুই জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাঙ্গামাটি জেলা ডিবি পুলিশের এএসআই আহসান জানান, সোমবার রাতে চট্টগ্রাম ইপিজেড ও বায়েজিদ থানা পুলিশের সহযোগিতায় দুই জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নানিয়ারচর থানা থেকে সহযোগিতা চাইলে তাদের আটক করে রাঙ্গামাটির পুলিশকে বুঝিয়ে দেয়া হয়। পরদিন তাদের আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৩ মে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমা। পরের দিন ৪ মে তার শেষকৃত্যে যোগ দিতে আসার পথে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ছয়জন।
এই ছয়জনকে খুনের ঘটনায় নানিয়ারচর থানায় ইউপিডিএফের প্রধান প্রসীত খীসার নাম উল্লেখ করে মোট ১১৮ জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ইতোমধ্যে দুজন জেল হাজতে রয়েছে।
ইত্তেফাক/এসএস