৮ জুলাই থেকে ধর্মঘটের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

আগামী ১০ জুনের মধ্যে জাতীয়করণের ঘোষণা না দেয়া হলে ৮ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করবেন বলে ঘোষণা দিয়েছেন ইবতেদায়ি শিক্ষকরা। 
 
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।  এ ছাড়া আগামী ১১ জুন থেকে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে উপজেলা শিক্ষক প্রতিনিধির মতবিনিময় ও স্মারকলিপি দেয়ার কথাও জানানো হয়। 
 
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান জানান,  ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু এ আশ্বাসের এখনও বাস্তবায়ন হয়নি। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়। 
 
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। পরে ৯ জানুয়ারি থেকে লাগাতার আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন। টানা ৮ দিন পর সরকারের পক্ষে আশ্বাস দিয়ে ১৬ জানুয়ারি মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব মো. আলমগীর শিক্ষকদের অনশন ভঙ্গ করান। 
 
তথ্য অনুযায়ী, মাদ্রাসা বোর্ডের নিবন্ধন পাওয়া ১০ হাজারের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে। এতে শিক্ষকের সংখ্যা প্রায় ৫০ হাজার। মাত্র এক হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক দুই হাজার ৫০০ টাকা ও সহকারী শিক্ষকরা দুই হাজার ৩০০ টাকা ভাতা পান। বাকি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে চাকরি করছেন।
 
ইত্তেফাক/ইউবি