সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের এক সামরিক ঘাটিতে দুই বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন সামরিক কর্মী। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, সামরিক ঘাটিতে হামলা চালানোর আগে এক পুলিশ কর্মীকে হত্যা করে হামলাকারীরা। এরপর ওই কর্মীর অস্ত্র ও গাড়ি চুরি করে নিয়ে হামলা চালায় সামরিক স্থাপনাটিতে। হামলায় বেশ কয়েকজন সামরিক কর্মী আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় গণমাধ্যমগুলোতে বৃহস্পতিবার বলা হয়েছে, তাইফে অবস্থিত ন্যাশনাল গার্ড স্থাপনায় হামলা চালায় দুই হামলাকারী। তাদের সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন কয়েকজন সামরিক কর্মী। ঘটনায় এক হামলাকারীও আহত হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। অপরজন পালিয়ে গেছে।
ইত্তেফাক/ জেআর