বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে স্বচ্ছতা ও নীতি নৈতিকতার মধ্যে সাংবাদিকতা করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে লিখতে হবে, তথ্যবিহীন সংবাদ প্রকাশের অধিকার সাংবাদিকদের নেই। সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য নিরন্তর সংগ্রাম করতে হবে।
বৃহস্পতিবার নেত্রকোনা সার্কিট হাউজের হলরুমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল প্রণীত আইন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়কালে চেয়ারম্যান এসব কথা বলেন।
বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আরো বলেন, সংবাদপত্র মালিকদের স্বাধীনতা থাকলেও অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের স্বাধীনতা নেই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। প্রেস কাউন্সিল সাংবাদিকদের মর্যাদা আদায়ের সংগঠন। প্রেস কাউন্সিল সাংবাদিকদের সেই স্বাধীনতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, প্রেস ইনস্টিটিউটের সাবেক সিনিয়র গবেষক শামীমা চৌধুরী, সচিব মো. শাহ আলম প্রমুখ।