বর্ধিত সময়ের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়ার পর ফের সিলগালা করা হয়েছে বিজিএমইএ ভবন। ভবনে থাকা মালামাল সরিয়ে নিতে গতকাল আবারো সময় বাড়িয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গত মঙ্গলবার সব মালামাল সরিয়ে নিতে না পারায় রাজউকের কাছে আবেদন জানায় ওই ভবনে থাকা প্রতিষ্ঠানগুলো। এ আবেদনের প্রেক্ষিতে রাজউক গতকাল বৃহস্পতিবার আবারো ভবনের তালা খুলে দেয় এবং মালামাল সরানোর জন্য বিকাল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেয়। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফের ভবনটি সিলগালা করে দেওয়া হয়।
রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এ সুযোগ দেওয়া হয়। তিনি আরো জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভবনটি ভাঙার বিষয়ে বিশেষজ্ঞ কারিগরি দল কাজ করছে।
উল্লেখ্য, ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবন সরিয়ে নিতে সময় দিয়েছিলেন আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার বিজিএমইএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করে রাজউক। সেখানে এক্সিম ব্যাংকসহ আরো পাঁচটি অফিসের মালামাল ছিল।