গোস্বা করে সংসদে না গেলে বিএনপির আরেক দফা ভুল হবে ---- নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, গোস্বা করে সংসদে না গেলে বিএনপির আরো এক দফা ভুল হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বাগবাটিতে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন থেকে পালিয়ে গিয়ে তারা যে ভুল করেছে, সংসদে যোগ না দিলে তা হবে আরো বড় ভুল। সমাবেশ শেষে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা ফুয়াদ হোসেনের বাসায় যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পিপুলবাড়িয়া বাজার স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত এ সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি এবং তার দোসররা মুজিবনগর দিবস পালন করে না কিন্তু ওরা পালন করে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন। অথচ এই মুজিবনগর থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।