দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়ায় বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই জন অটোবাইক আরোহী। গতকাল দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আশরাফুল আলম (৩২), তার মেয়ে আইভি (১০) ও অপর জন সাজদার খলিফা (৪৮)। সাজদার খলিফার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। গতকাল জেলার সরাইল ও কসবা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে মহাসড়কের বেড়তলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলার তৌহিদ মিয়ার ছেলে নাহিদ (১৯) ও সরকার পাড়ার মুর্তজার ছেলে পারভেজ (২২)। এদিকে, কসবার নোয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় হারুন মিয়া (৪২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে যাত্রীবাহী   বাস ও লড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। গত বুধবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৫০) নান্দাইলের রসুলপুর গ্রামের।

জামালপুর : জামালপুর সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আরিফ হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন অনন্তবাড়ী এলাকার দর্জি মাসুদ রানার ছেলে।