গাজায় হামাসের ১৫টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের ১৫টি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার সকালের দিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডসের ১৫টি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ খবর জানিয়েছে আল জাজিরা।
 
ইসরাইলি সেনাবাহিনীকে উদ্ধৃত  করে খবরে বলা হয়, গাজা থেকে ইসরাইলকে লক্ষ করে চালানো রকেট হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি হামাস।
 
কয়েকদিন আগেই হামাস ও ইসরাইল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ৩০ মে থেকে এই চুক্তি কার্যকর করা হয়। তবে চুক্তি কার্যকর থাকাকালীন অবস্থায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ কমেনি।
 
বুধবার হামাস জানায়, তারা ইসরাইলের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। যতদিন পর্যন্ত ইসরাইল হামাসের ওপর হামলা না চালাবে, ততদিন হামাসও ইসরাইলকে উদ্দেশ্য করে হামলা চালানো বন্ধ রাখবে।
 
এদিকে, রবিবারের হামলার আগের দিন ইসরাইলি বাহিনীর চালানো উন্মুক্ত গুলিতে ফিলিস্তিনি চিকিৎসাকর্মী রাজান আল-নাজ্জার নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল নাজ্জারকে যখন গুলি করা হয় তখন তিনি চিকিৎসাকর্মীদের সাদা পোশাক পরিহিত ছিলেন ও আহতদের সেবা করার জন্য এগিয়ে যাচ্ছিলেন।
 
ইত্তেফাক/ জেআর