সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিশ্ব শান্তির পক্ষে আমাদের সুদৃঢ় অবস্থান নিয়ে বিদেশ নীতি গ্রহণ করতে হবে।
তিনি বলেন, পাশাপাশি রোহিঙ্গা নিয়ে যে সংকট হচ্ছে তার মধ্যেও দেশের জাতীয় নিরাপত্তার সংকট দেখা দিতে পারে। তাই সবকিছু বিবেচনা করে সুদৃঢ় বিদেশ নীতি গ্রহণ করা দরকার।
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘প্যালেস্টাইন সংকট ও সমসাময়িক বিশ্বের উত্তেজনাময় পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ফিলিস্তিন-ইরান ও সিরিয়ায় যে সমস্যা সৃষ্টি হয়েছে তা কেবল ঐ দেশগুলোর সমস্যা নয়। এটা বিশ্বব্যাপী সমস্যা। মার্কিন সাম্রাজ্যবাদ তাদের অস্ত্র ব্যবসার জন্য সারা বিশ্বের শান্তি বিনাস ঘটিয়েছে, আরো ঘটাবে।
তিনি বলেন, সারা দুনিয়ায় যুদ্ধাস্ত্র বিক্রি করে তাদের অর্থনীতি টিকিয়ে রাখতে আমেরিকা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এটাই তাদের বাঁচার পথ। পুঁজিবাদী সংকট মোকাবিলা করতেই তাদের দেশে দেশে এই যুদ্ধ।
আলোচনা সভায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসইউ রামাদান, অধ্যাপক ড. কেএএম সাদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট বিভাগের অধ্যাপক তৌহিদুর ইসলাম, বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি প্রকৌশলী ড. আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/কেকে