নৃত্যরত এফবিআই এজেন্টের বন্দুকের গুলিতে আহত দর্শক

যুক্তরাষ্ট্রের ডেনভারের একটি নৈশক্লাবে শনিবার মধ্যরাতে নৃত্যরত এফবিআই এজেন্টের বন্দুকের গুলিতে এক দর্শক আহত হয়েছেন। জানা গেছে, ডিউটি না থাকায় ‘মাইল হাই স্পিরিটস ডিস্টিলারি অ্যান্ড টেস্টিং’ নামের একটি পানশালায় আসেন ওই কর্মকর্তা।
 
এরপর, সেখানে নাচানাচি করে একাই মাতিয়ে রেখেছিলেন সকলকে। তার প্যান্টের পিছনে পকেটের মধ্যে পিস্তল রাখা ছিল। নাচানাচির এক পর্যায়ে ডিগবাজি দিতে থাকেন ওই এফবিআই সদস্য। তখন তার আগ্নেয়াস্ত্রটি খাপ থেকে খুলে হঠাৎ নিচে পড়ে যায়।
 
কিন্তু তাড়াহুড়ো করে বন্দুক তোলার সময় ট্রিগারে চাপ লাগলে গুলি বেরিয়ে আহত হন পাশে দাঁড়িয়ে তার নাচ দেখতে থাকা এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে এফবিআই কর্মকর্তা তার ভুল বুঝতে পেরে দুই হাত ওপরে তুলে ক্ষমা চান।
ডেনভারের পুলিশ জানিয়েছে, ততক্ষণে ডান্স ফ্লোরের আনন্দ আতঙ্কে পরিণত হয়েছে। যারা হাততালি দিচ্ছিলেন তারা ভয়ে দৌড়াতে শুরু করেন। পুলিশের মুখপাত্র মারিকা পুতনাম জানান, অফ ডিউটির সময় তিনি কেন পিস্তল নিয়ে নাইটক্লাবে গিয়েছিলেন তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে ওই ব্যক্তির পরিচয় জানাতে চাননি তিনি। দ্য গার্ডিয়ান।
 
ইত্তেফাক/সেতু