সিঙ্গাপুরে আগামী ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কিম জং উনের হোটেল ভাড়া মিটিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছে পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা- আইসিএএন। কারণ এর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয় যে, সিঙ্গাপুরের ওই বিলাসবহুল হোটেলের ব্যয় মেটানো উত্তর কোরিয়ার জন্য কঠিন হতে পারে।
IMG0
পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রচারণার জন্য নোবেল বিজয়ী বেসরকারি সংস্থা আইসিএএন প্রস্তাব দিয়েছে- বৈঠকের জন্য সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার যে খরচ হবে তা তারা দিয়ে দেবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হোটেলের বিলও শোধ করে দেয়ার প্রস্তাব দিয়েছে আইসিএএন।
IMG1
আইসিএএনের কর্মকর্তা আকিরা কাওয়াসাকি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নোবেল পুরস্কারের সঙ্গে কিছু নগদ অর্থ আমরা পেয়েছিলাম, তা দিয়ে এই শীর্ষ বৈঠকের খরচ বহন করতে প্রস্তুত। কোরীয় উপদ্বীপের শান্তির জন্য, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের জন্য এই আমরা এটা করতে চাই।’
IMG2
শীর্ষ বৈঠকটি আয়োজনের জন্য উত্তর কোরিয়া সরকারের স্টাফ প্রধান কিম চ্যাং সন সম্প্রতি সিঙ্গাপুর গিয়েছিলেন। তাকে সে সময় সিঙ্গাপুরের পাঁচ তারকা হোটেল ফুলারটনে দেখা গেছে। বিলাসবহুল ফুলারটন হোটেলে প্রেসিডেন্সিয়াল সুইটের ভাড়া প্রতি রাতে ৬ হাজার মার্কিন ডলার। ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে- উত্তর কোরিয়া তার নেতা এবং প্রতিনিধিদলের সিনিয়র সদস্যদের জন্য এই হোটেলকে পছন্দ করছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু