রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় পৃথকস্থানে দুই গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। একজনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার দক্ষিন মাসাব ও কায়েতপাড়া ইউনিয়নের পুর্বগ্রাম এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার দুই গৃহবধূর মধ্যে কামরুন্নাহার নামে একজনের অভিযোগ, দক্ষিন মাসাব এলাকার সুরুজ মিয়ার ছেলে রুহুল আমিনের সঙ্গে মদিনাবাগ এলাকার ফজলে করিমের মেয়ে কামরুন্নাহারের বিয়ের পর থেকেই স্বামী রুহুল আমিন, শশুর সুরুজ মিয়া, শাশুরী রোকসানা বেগম, দেবর আল-আমিন গৃহবধূ কামরুন্নাহারকে তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে। যৌতুকের টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সকালে স্বামীসহ শশুড়বাড়ির লোকজন কামরুন্নাহারকে বেধড়ক পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
অপরদিকে পূর্বগ্রাম এলাকার আবু সাঈদের ছেলের সঙ্গে ভুলতা টেকপাড়া এলাকার আজিজুল হকের মেয়ে কাসফিয়া আক্তার তুলির বিয়ের পর থেকেই স্বামীসহ শশুরবাড়ির লোকজন তার কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে না পারায় তুলিকে পিটিয়ে গুরুতর জখম করে তারা। এই দুই গৃহবধূ নির্যাতনের ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।