গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিবলী সাদিকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান করা হয়।
ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযানে ৪টি আধা পাকা ঘর ও শতাধিক টিন সেট ঘর গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুত্ফুর রহমান, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানাসহ উপজেলা, থানা ও পৌর প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিবলী সাদিক বলেন, একাধিকবার মৌখিক নোটিশের পরও তারা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি। তবে তাদের উচ্ছেদ করলেও সরকারী নিয়মানুযায়ী অন্যত্র পূনর্বাসনের ব্যবস্থা করা হবে।