সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১৮ বিচারপতি। বুধবার সকাল ১১ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সড়ক পথে বিচারপতিগণ পৌঁছুলে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
পরে নবনিযুক্ত বিচারপতি মোঃ আবু আহমেদ জমাদারের নেতৃত্বে ১৮ জন বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতিগণ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় বিচারপতি আবু আহমেদ জমাদার বলেন, আমাদের একটাই লক্ষ্য বিচারপ্রার্থী এবং সাংবিধানিকভাবে যারা বিচার লাভের অধিকারী তাদের বিচার পেতে আমরা কাজ করে যাব। এই কার্যক্রমের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার একটি বড় মাইল ফলক রচিত হবে।
নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন- ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক জেলা জজ মো. আবু আহমদ জমাদার, পিআরএল ভোগরত আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (জেলা জজ) মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, অ্যাডভোকেট এস. এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মহিউদ্দিন শামীম, অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম মনিরুজ্জামান, অ্যাডভোকেট আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও অ্যাডভোকেট ড. কে. এম হাফিজুল আলম।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সাভার গর্ণপূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু