‘ভ্যানিটি ব্যাগ সাম্রাজ্যের’ ডিজাইনার কেট স্পেডের মৃতদেহ উদ্ধার

নিজের নকশা করা হ্যান্ডব্যাগ দিয়ে ফ্যাশনজগতে সাম্রাজ্য গড়া মার্কিন ডিজাইনার কেট স্পেডের মৃতদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক পুলিশ। মঙ্গলবার সকালে কেটের নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
 
৫৫ বছর বয়সী এ ডিজাইনার আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ম্যানহাটনের আপার সাইডে অবস্থিত অ্যাপার্টমেন্টটির গৃহকর্মীই প্রথম কেটের মৃতদেহ আবিষ্কার করেন বলে পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক ডেইলি নিউজ।
 
মিসৌরি অঙ্গরাজ্যের ক্যানসাস শহরে জন্ম নেয়া কেট ছিলেন বন্ধ হয়ে যাওয়া মাদেমোয়জেল ম্যাগাজিনের সাবেক এক্সেসরিজ এডিটর। পরে স্বামী অ্যান্ডি স্পেডকে নিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু করেন ‘কেট স্পেড নিউ ইয়র্ক’ কোম্পানির। নকশাকার হাতব্যাগের কারণে ‘কেট স্পেড নিউ ইয়র্কের’ খ্যাতি ছড়িয়ে পড়ে। পরে এটি পোশাক, গহনা, লেগওয়্যার ও সুগন্ধি প্রসাধনী বিক্রিরও ব্যবসা শুরু করে। তরুণ কর্মজীবী নারীদের হাতে সুলভে, উজ্জ্বল রংয়ের স্পষ্ট শৈলির হাতব্যাগ পৌঁছে দিয়ে দ্রুতই ফ্যাশন সাম্রাজ্যে নিজের অবস্থান গড়ে নেন কেট। এর আগ পর্যন্ত নকশাকার হাতব্যাগ ছিল মুষ্টিমেয় ধনীদের দখলে, আধিপত্য ছিল ইউরোপীয় কোম্পানিগুলোর।
 
মেয়ে ফ্রান্সেস স্পেডের জন্মের কিছুদিন পর ২০০৬ সালে নিজেদের ব্র্যান্ড ‘কেট স্পেডে’র সব শেয়ার বিক্রি করে দেন অ্যান্ডি ও কেট দম্পতি। দশ বছর পর মেয়ের নামে ফের শুরু করেন জুতা ও ফ্যাশন সামগ্রীর ব্র্যান্ড ‘ফ্রান্সেস ভ্যালেন্টাইন’।