উত্তর প্রদেশের ‘ফুড পার্ক’ পরিকল্পনা ত্যাগের হুমকি পতঞ্জলির

ভারতের উত্তর প্রদেশের মেগা ফুড পার্ক বানানোর পরিকল্পনা থেকে সরে আসার হুমকি দিয়েছে যোগগুরু রামদেবের কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদ। তাদের এ হুমকিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য বড় ধাক্কা ।
 
ফুড পার্ক নির্মাণে পূর্ণাঙ্গ অনুমতি পেতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রয়োজনীয় যেসব নথিপত্র জমা দেয়া লাগে আদিত্যনাথের রাজ্য সরকার সেগুলো আটকে রেখেছে বলে অভিযোগ পতঞ্জলি আয়ুর্বেদের। এই অভিযোগে উত্তর প্রদেশের মেগা এই প্রকল্প থেকে কোম্পানিকে সরিয়ে আনার হুমকি দিয়েছেন পতঞ্জলির ব্যবস্থাপনা পরিচালক আচার্য বালকৃষ্ণ।
 
‘এই প্রকল্প নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না আমরা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও আমরা রাজ্য সরকারের কাছ থেকে ছাড়পত্র পাইনি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রকল্পটি অন্য কোথাও স্থানান্তরের,’ বলেছেন বালকৃষ্ণ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক হলেও রাজ্য সরকারের উদাসীনতার কারণেই প্রকল্পটির কোনো অগ্রগতি হচ্ছে না, বার্তা সংস্থা এএনআইকে করা অভিযোগে এমনটাই বলেছেন তিনি। লাখো কৃষকের জীবনমানের উন্নতি এবং অসংখ্য মানুষের চাকরির সুযোগ সৃষ্টি করতে উত্তর প্রদেশে ওই ফুড পার্ক নির্মাণে তার কোম্পানি খাদ্য প্রক্রিয়াজাত করার অনেক যন্ত্রপাতি কেনার অর্ডার দিয়েছিল বলেও জানান বালকৃষ্ণ।