ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) দুইটি শাখা থেকে সাড়ে ৫২ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগে পরিবারের তিন সদস্যসহ এক ব্যবসায়ীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের পুলিশ সুপারের কাছে চিঠি পাঠায় দুদক। যাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন— ব্যবসায়ী সাইফুর রহমান, তার স্ত্রী সাজিয়া খাতুন, বাবা মির আব্দুর শাকুর এবং তার মা হাসিনা বেগম।
দুদক সূত্র জানায়, ব্যবসায়ী সাইফুর রহমানের বিরুদ্ধে সাবেক ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে তা বিদেশ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধান করছে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বাধীন টিম। ইতোমধ্যে দুদকের কাছে তথ্য রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট সাইফুর রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যেতে পারেন। এ জন্য তারা যাতে দেশ ত্যাগ না করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম চিঠি দিয়েছেন পুলিশের বিশেষ শাখার ইমিগ্রেশন বিভাগে।
দুদকে আসা অভিযোগে বলা হয়, ফারমার্স ব্যাংকেব সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) সহযোগিতায় ব্যাংকটির মাওনা শাখা ও মিরপুর শাখা থেকে ঋণ নিয়ে আত্মসাত্ করেন। যা সুদ-আসলে ৫২ কোটি ৪৭ লাখ টাকা। এসব টাকা সাইফুর রহমান পাচার করেন বলে অভিযোগে বলা হয়। ওই ব্যবসায়ী ঋণ গ্রহণে তার স্ত্রী, বাবা ও মাকে জামিনদার করা হয় বলে অভিযোগে বলা হয়।