প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে আগামী রবিবার ব্রুনাই যাচ্ছেন। ব্রুনাই দারুস সালামের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে এই সফরে কৃষি, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ব্রুনাই সফর সম্পর্কে অবহিত করেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রুনাইর উদ্দেশে যাত্রা করবে।
বিমানটি স্থানীয় সময় দুপুর পৌনে ৩টায় ব্রুনাইয়ের রাজধানী বন্দরসেরী বেগাওয়ানে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। ব্রুনাইয়ের যুবরাজ হাজী আল-মাহতাদী বিল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ইম্পায়ার হোটেল এন্ড কাউন্ট্রি ক্লাবে নেওয়া হবে। সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী হোটেলটির ইন্দেরা মানুদেরা বলরুমে ব্রুনাই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন। একইদিন তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত নৈশভোজে যোগ দিবেন।
পরদিন সোমবার প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান বলকিয়ার সরকারি বাসভবনের ইস্তানা নূরুল ইমানে চেরাদি লায়লা কেনচানায় সুলতান ও রাজকীয় পরিবারের সদস্যবর্গের সঙ্গে মিলিত হবেন।
এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তানা নূরুল ইমামে বায়তুল মেশ্যুরায় সুলতানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
বিকালে প্রধানমন্ত্রী ইম্পায়ার হোটেল এন্ড কাউন্ট্রি ক্লাবে ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দুদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী জামে আসর মসজিদ পরিদর্শন এবং এ মসজিদে আসর নামাজ আদায় করবেন।
শেখ হাসিনা সুলতান আয়োজিত তাঁর সরকারি বাসভবনে ভোজসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ব্রুনাইয়ের রাজধানীর জালান কেবাংসানের কূটনৈতিক জোনে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।
শেখ হাসিনা স্থানীয় সময় বিকাল ৫টায় ব্রুনাই থেকে যাত্রা করে সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও যুব ও ক্রীড়া, বিদ্যুত্, জ্বালানি, মত্স্য ও প্রাণিসম্পদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সিনিয়র কর্মকর্তা রয়েছেন। এছাড়া শীর্ষ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি প্রতিনিধিল ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্রুনাই যাবেন।